

অনলাইন নিউজ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতাদের অভিযোগ, সরকার জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দিচ্ছে না।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।
তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশন, বেতার বা সংবাদমাধ্যমেও জুলাই আন্দোলন বা অতীত রাজনৈতিক সহিংসতা নিয়ে কোনো বিশেষ আয়োজন নেই। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, সরকার ইতিহাসকে আড়াল করার চেষ্টা করছে কি না।
আব্দুস সবুর ফকির আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলেও তাদের কাছে প্রতীয়মান হচ্ছে।
তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই সনদের বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। তবে জনগণের আন্দোলনের মাধ্যমে এসব দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে নিহত অনেক শহীদের পরিবার এখনো তাদের স্বজনদের কবরের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় শহীদদের প্রতি অবমাননাকর। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তিনি দ্রুত বকেয়া পরিশোধ এবং জুলাই স্মৃতি জাদুঘর চালু করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
এর আগে সকালে আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



