জাতীয়

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক হোসেন

অনলাইন নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই। তবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে—এগুলো একই ধরনের বিষয় হিসেবে বিবেচিত হওয়ায় এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বুধবার (৩ জুন) বিকেলে নোয়াখালীর চাটখিলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছরে যারা মুক্তিযুদ্ধ করেননি বা যাদের বয়স তখন ৮–১০ বছর ছিল, তাদেরও ভুলভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তালিকাটি প্রশ্নবিদ্ধ হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে “ভুয়া মুক্তিযোদ্ধা” শব্দটি তাকে গভীরভাবে ব্যথিত করে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাধীনতাবিরোধী শক্তির কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২৪-এর ৫ আগস্টের পর তারা ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার চেষ্টা করছে এবং ইতিহাস বিকৃত করার অপপ্রয়াস চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

চব্বিশের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল জনগণের আন্দোলন, যার কৃতিত্ব এককভাবে কারও নয়। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবাই এতে অংশীদার।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘদিনের জটিলতা ও “জঞ্জাল” পরিষ্কার করে দেশকে এগিয়ে নিতে সময় প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button