জাতীয়

বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

অনলাইন নিউজ ডেস্ক

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং পুনরুজ্জীবনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন।

সভায় জানানো হয়, বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button