জাতীয়

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীকে একটি “রেজিমেন্টেড” রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে রাজনীতি করে। তবে তাদের শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী। তাই শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মতো রাজনৈতিক লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে এবং কোন কোন বিষয়ে হয়নি। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনে বিজয়ী দল জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী বাস্তবায়ন করবে।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী দাবি করছে সরকার জুলাই সনদ অনুসরণ করছে না। কিন্তু সনদের প্রতিটি পাতায় বাস্তবায়নের প্রক্রিয়া ও রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

সংবিধান সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নিয়ে মতামত দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু দলটি সেই সুযোগ গ্রহণ না করে ১১টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছে। তাঁর দাবি, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, “তারা বিভাগে বিভাগে সমাবেশ করেছে, ঢাকাতেও কর্মসূচি পালন করেছে। কিন্তু জনগণের তেমন সমর্থন তাদের সঙ্গে নেই।”

বিএনপির মহাসচিব আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তিনি দাবি করেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button