

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর শাহবাগে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে প্রকাশ্যে সিঁড়িতে চড় মারার ঘটনার একদিন পর পাল্টা হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাইযোদ্ধা আ ন ম আয়াসের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়েছে, শান্তা ফারজানাসহ কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। হামলায় গুরুতর আহত আয়াস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আয়াসকে ঘিরে মারধর করছেন। এ সময় শান্তা ফারজানাকেও তাকে আঘাত করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। হামলার ঘটনায় আয়াস আহত হন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, শান্তা ফারজানা জুলাই গণঅভ্যুত্থান ও এর শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠে। এসব মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রসমাজ ও জুলাইযোদ্ধাদের একটি অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
অভিযোগ রয়েছে, শান্তা ফারজানা জুলাই বিপ্লবকে ‘ষড়যন্ত্র’ ও ‘বাটপারি’ হিসেবে উল্লেখ করেছিলেন। এর প্রতিবাদ জানাতে গত শনিবার (১ আগস্ট) আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জুলাইযোদ্ধা নতুনধারা বাংলাদেশের কার্যালয়ে যান।
সেখানে আলোচনা একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তর্কের মধ্যে আ ন ম আয়াস শান্তা ফারজানাকে চড় মারেন, যার পর তিনি সিঁড়িতে পড়ে যান। পরে নতুনধারা বাংলাদেশের কার্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।



