রাজনীতি

স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীনদের মতো বেয়াদব তৈরি করেছে: পানিসম্পদমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী অভিযোগ করেছেন, স্বাধীনতাবিরোধী শক্তিই নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ‘বেয়াদব’ তৈরি করেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জামায়াত-শিবিরের নেতৃত্বেই নতুন রাজনৈতিক দল এনসিপির উত্থান হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, “যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই আজ নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের তৈরি করেছে। বাংলাদেশে বিরোধী দল মূলত একটাই—জামায়াত-শিবির। এনসিপি নামে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে বিভাজন তৈরি হয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে। তিনি লক্ষ্মীপুরে ২০২৩ সালের ১৮ জুলাই কৃষকদল নেতা সজীব হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তখন অনেকেই মাঠে ছিলেন না, কিন্তু পরবর্তী সময়ে নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনীতিতে দুটি ধারা রয়েছে—একটি জামায়াত-শিবিরের ধারা এবং অন্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী ধারা। তার অভিযোগ, একটি পক্ষ বিএনপির নেতাদের নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছে।

বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা প্রসঙ্গে এ্যানী বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। তিনি দাবি করেন, দলটি অশালীন ও রুচিহীন বক্তব্যকে প্রশ্রয় দেয় না এবং এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button