

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৫ জুন) বাদ জুমা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ওসমান হাদির সমাধির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তারা দাবি করেন, এতে দেশীয় খুনিদের পাশাপাশি সম্ভাব্য বিদেশি সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা উচিত এবং পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই বলে তারা উদ্বিগ্ন। তিনি প্রশ্ন তোলেন, বিদেশি কোনো বক্তব্য বা ইঙ্গিতকে সরকার কী ভিত্তিতে খারিজ করছে এবং তদন্তে অগ্রগতি কোথায়।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা উচিত এবং পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে কী অগ্রগতি হয়েছে, তা জানানো প্রয়োজন।
বক্তারা অভিযোগ করেন, তদন্তে জড়িত কিছু পক্ষের কারণে প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা শুনছেন, যা দ্রুত সমাধান করা দরকার।
সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—একটি স্পষ্ট রোডম্যাপ দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়া।



