রাজনীতি

একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হবো : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি সিলেটের সন্তান হিসেবে জনগণের সামনে দাঁড়িয়েছেন এবং ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। সবার মর্যাদা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব এবং তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। গত কয়েক দশকের রাজনীতিকে তিনি জুলুমনির্ভর আখ্যা দিয়ে বলেন, জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল প্রতিশোধের পথ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বলেও জানান তিনি। মামলা বাণিজ্যে জড়িত না থাকার দাবিও করেন।

সিলেট অঞ্চলের খনিজসম্পদ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় মানুষ ন্যায্য সুবিধা পাচ্ছে না এবং এখনো অনেক এলাকায় গ্যাস–বিদ্যুৎ পৌঁছেনি। নদী দখল ও মাদক বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, দায়িত্ব পেলে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নদী খনন ও সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, চাঁদাবাজি ও ঘুষ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতি বন্ধ হলে প্রকৃত উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অতীতের দুর্নীতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান।

প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, এটি কার্যকর আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যাতে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হয়।

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button