জাতীয়

গুজবে কান না দেওয়ার আহ্বান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির

অনলাইন নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন। তিনি বলেছেন, ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং বর্তমানে কোনো ধরনের বড় তারল্য সংকট নেই।

রোববার (৭ জুন) এক ভিডিও বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজবের কারণে কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং অনেকে অতিরিক্ত অর্থ উত্তোলনের চেষ্টা করছেন। তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন।

মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা যেকোনো সময় ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও সবসময় গ্রাহকদের পাশে রয়েছেন এবং তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, অতীতেও ব্যাংক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ের সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছিল গ্রাহকদের আস্থা ও সহযোগিতার কারণে। ওই সময়ের পর ব্যাংকের আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল বলেও জানান তিনি।

ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রতিটি ঋণ ও বিনিয়োগ সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়। ফলে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা অর্থ পাচারের সুযোগ নেই।

ভারপ্রাপ্ত এমডি জানান, বাংলাদেশ ব্যাংক সবসময় ইসলামী ব্যাংকের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

সবশেষে তিনি ব্যাংকের গ্রাহকদের প্রতি কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকার এবং ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button