আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না’

ওয়াশিংটনের তীব্র চাপের মুখেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে ইরান সরে দাঁড়াবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের দুই দিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অবস্থান জানান। আরাগচি বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান তাদের নীতি থেকে পিছু হটবে না। তার ভাষ্য, কোনো বিদেশি শক্তির ইরানের নীতি নির্ধারণ করার অধিকার নেই।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যেতে গিয়ে ইরান ইতোমধ্যে বড় ধরনের মূল্য দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন ও সামরিক শক্তি প্রদর্শনেও তেহরান ভীত নয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসব পদক্ষেপ ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে চাপ দিচ্ছেন এবং সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়ে আসছেন। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button