

অনলাইন নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মোস্তাক মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারির কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ টিম গঠন করা হয়।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাতে কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিশেষ টিমটি। অভিযানে মোস্তাক মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মোস্তাক মিয়া বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেন করে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করতেন। এসব প্ল্যাটফর্মে নিবন্ধিত সদস্যদের জুয়ার অর্থ লেনদেন তার মাধ্যমেই সম্পন্ন হতো বলে অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে



