

অনলাইন নিউজ ডেস্ক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগে একটি গুরুত্বপূর্ণ বাজেট-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের এটি প্রথম জাতীয় বাজেট। আগামী ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের কথা রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এবারের বাজেটকে সরকারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সচিবালয় সূত্রে জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতসংক্রান্ত পৃথক দুটি বৈঠকও রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এসব বৈঠকে সরকারপ্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ইতোমধ্যে শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের জন্য এটি প্রথম বাজেট অধিবেশন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন।
এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।



