জাতীয়

নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন—ইসি সানাউল্লাহ।

জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা নিয়ে সাম্প্রতিক নির্দেশনার কারণে বিভ্রান্তি তৈরি হলেও তা সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলেও তিনি স্পষ্ট করেন।

এর আগে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেখানে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এই নির্দেশনাকে ঘিরে রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে নির্বাচন কমিশনার সানাউল্লাহর ব্যাখ্যায় সাংবাদিক ও পর্যবেক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের দায়িত্ব পালনে অযৌক্তিক কোনো বাধা সৃষ্টি করা হবে না।

আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button