সারাদেশ

নরসিংদীর ৬৬৩ ভোটকেন্দ্রের ৩৯৩টিই ঝুঁকিপূর্ণ

নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

নরসিংদী-১ (সদর) আসনের ১৪২ কেন্দ্রের মধ্যে ৯৮টি, নরসিংদী-২ (পলাশ ও সদরের তিন ইউনিয়ন) আসনের ৯১ কেন্দ্রের মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১ কেন্দ্রের মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ১৬২ কেন্দ্রের মধ্যে ১১০টি এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭ কেন্দ্রের মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনী তথ্য, ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, সংঘাত প্রবণ এলাকা, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের চেষ্টা করা হচ্ছে। এছাড়া, সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য সংখ্যা বেশি থাকবে।

তিনি আরও জানান, সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৫০টি কেন্দ্রে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবে।

নরসিংদীর পাঁচটি আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন, যার মধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭, পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ৩৬ জন।

প্রশাসনের লক্ষ্য, ভোটাররা যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button