জাতীয়

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম স্থানে অবস্থান করছে।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত তালিকায় এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এই সূচক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এই সূচক তৈরি করা হয়েছে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে। টিআইবি জানিয়েছে, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ১০০-এর মধ্যে ২৪ স্কোর পেয়ে বাংলাদেশ ১৩তম অবস্থানে এসেছে। উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫০তম।

ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আগের রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু ব্যর্থতা আছে, তবে এর পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও আমলাতন্ত্রের দলীয়করণও লক্ষ্য করা যাচ্ছে। এত কম সময়ে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়, তবে ফাউন্ডেশন স্থাপনের প্রত্যাশা ছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।”

এ বছরের প্রতিবেদনে ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে আছে ডেনমার্ক। আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সাউথ সুদান ও সোমালিয়া।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের স্কোর ৩৯, আফগানিস্তান ১৬, পাকিস্তান ২৮, শ্রীলঙ্কা ৩৫, নেপাল ৩৪। এই অঞ্চলের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান, যার ১০০-এর মধ্যে ৭১ স্কোর, এবং অবস্থান ১৮তম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button