জাতীয়

পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায়

অনলাইন নিউজ ডেস্ক

একসময় থানায় বসে পুলিশের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান এবার নিজের নিরাপত্তার জন্য পুলিশের আশ্রয় নিয়েছেন।

বুধবার (১০ জুন) ফেসবুক লাইভে এসে মাহাদী হাসান দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া করেছেন এবং হামলার চেষ্টা করছেন। লাইভে তাকে আতঙ্কিত অবস্থায় রিকশাযোগে হবিগঞ্জ সদর থানার দিকে যেতে দেখা যায়। পরে তিনি থানায় প্রবেশ করে পুলিশের কাছে নিরাপত্তা চান।

মাহাদী জানান, একটি ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে তাকে অনুসরণ করা হয়। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত মতামত প্রকাশের জেরে তার ওপর হামলার চেষ্টা করা হচ্ছে।

তবে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে শনাক্ত করা যায়নি। মাহাদী হাসান একটি মৌখিক অভিযোগ দিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় এক যুবককে ছাড়িয়ে নিতে গিয়ে মাহাদী হাসান আলোচনায় আসেন। সে সময় থানার ভেতরে দেওয়া এক বক্তব্যে তিনি বানিয়াচং থানায় হামলা ও পুলিশ কর্মকর্তা এসআই সন্তোষ চৌধুরী হত্যার প্রসঙ্গ টেনে বিতর্কের জন্ম দেন। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত থেকে জামিন পান।

পাঁচ মাস পর সেই মাহাদী হাসানই নিরাপত্তার আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button