

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। তবে গ্রেফতারি পরোয়ানা জারির পরও নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, নাগরিক হিসেবে ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকার, তাই কোনো অবস্থাতেই তিনি ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। গণমাধ্যমকে তিনি জানান, তিনি ইতোমধ্যে এলাকায় রওনা হয়েছেন এবং নির্বাচনের পর আদালতে যাবেন।
মামলার এজাহার অনুযায়ী, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে।
অভিযোগ অস্বীকার করার পর ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদিয়া রহমান মিথিলা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।



