

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে সদর আলী মাদবরকান্দি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজিবর রহমান মাদবরকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে পিস্তলের কভার ও সিলিং, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে তার সঙ্গে থাকা রুমা আক্তার নামের এক নারীও আটক হন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মজিবর রহমান মাদবর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, আটক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার সঙ্গে আটক নারীর পরিবার দাবি করেছে, তারা বিবাহিত— বিষয়টি যাচাই করা হচ্ছে।



