জাতীয়

ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলোর একটি ছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসা বাংলাদেশে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতের বরাদ্দ ঘোষণা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, শিক্ষা খাতের পুনর্গঠন এবং মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরের জন্য রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে জাতীয় শিক্ষা কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ রূপান্তরের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক চেতনার বিকাশ ঘটানো।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। আগামী অর্থবছরে এ বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ২ শতাংশ।

পাশাপাশি শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button