জাতীয়

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

অনলাইন নিউজ ডেস্ক

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার কোনো সিদ্ধান্ত বা দাবি উত্থাপন করলে ছাত্রলীগ সেটির পক্ষে অবস্থান নিত। তবে ছাত্রদল বরাবরই শিক্ষার্থীদের স্বার্থে সরকারের সমালোচনা করেছে এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, শিক্ষার্থীরা আপাতত এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের যে দাবি তুলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও একই দাবি জানিয়েছে। এ বিষয়ে আগের দিনই ছাত্রদলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছাত্রদল সবসময় একাত্ম।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিভাগীয় কমিশনারসহ দায়িত্বশীল কর্মকর্তারা ইতোমধ্যে বৈঠক করেছেন বলে তারা জানতে পেরেছেন। তার আশা, আলোচনার মাধ্যমে এ সমস্যার গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে।

প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ প্রসঙ্গে নাছির বলেন, এটি একটি কারিগরি সমস্যা, যার সমাধানের আশ্বাস শিক্ষা বোর্ড দিয়েছে। তিনি বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব এবং এ বিষয়ে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে।

উল্লেখ্য, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানেও এ আন্দোলন অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button