

অনলাইন নিউজ ডেস্ক
শহীদ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫ ইং) গলাচিপা উপজেলার তহসিল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অধ্যাপক মুহাম্মদ শাহ আলম গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, শহীদদের আদর্শ ও ত্যাগ জাতিকে ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



