সারাদেশ

খালেদা জিয়া বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন : ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, “তারা বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে তিনি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সুযোগ দেন। ছাত্রদলকে সংগঠিত করার লক্ষ্যে বিএনপিতে প্রথম আমাকে ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। এরপর দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমাকে সম্পৃক্ত রেখেছিলেন।”

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশ নিয়েছি। কিন্তু দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তব্য দিতে আসেননি। জীবনের শেষ প্রান্তে এসে আমি সৌভাগ্যবান যে শুনেছি, আগামী ২৫ জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসবেন।”

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন

এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button