আন্তর্জাতিক

রাজা হওয়ার তালিকা থেকে অ্যান্ড্রুকে অপসারণের কথা ভাবছে ব্রিটিশ সরকার

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। বর্তমানে তিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তবে তাকে সেই তালিকা থেকে বাদ দিতে আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। খবর বিবিসির।

 

এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড বলেন, অ্যান্ড্রুর বিরুদ্ধে পুলিশি তদন্তের ফল যাই হোক না কেন, তাকে উত্তরাধিকার তালিকা থেকে সরানোই হবে সঠিক সিদ্ধান্ত। যদিও তিনি উল্লেখ করেন, তদন্ত শেষ হওয়ার পরই এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

 

এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগের পর গত অক্টোবরে অ্যান্ড্রু ‘প্রিন্স’সহ সব আনুষ্ঠানিক খেতাব হারান। সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগে সম্প্রতি তাকে হেফাজতে নেওয়া হলেও ১১ ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

সরকার জানায়, বাকিংহাম প্রাসাদের সঙ্গে সমন্বয় করে অ্যান্ড্রুকে সিংহাসনের নিকটবর্তী অবস্থান থেকে দূরে সরাতে কাজ চলছে। পার্লামেন্টে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হলে তা সর্বদলীয় সমর্থন পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

অন্যদিকে, কিছু লেবার সাংসদের মতে, উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে থাকায় অ্যান্ড্রুর রাজা হওয়ার সম্ভাবনা এমনিতেই খুবই ক্ষীণ। ফলে নতুন আইন বাস্তব প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

আইনটি কার্যকর করতে হলে পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদন এবং রাজার সম্মতি প্রয়োজন হবে। পাশাপাশি কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের সমর্থন লাগবে, যেখানে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, ১৯৩৬ সালে সর্বশেষ আইন করে অষ্টম এডওয়ার্ড ও তার বংশধরদের উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ২০১৯ সালে এক সাক্ষাৎকার ঘিরে বিতর্কের পর অ্যান্ড্রু সরকারি সব দায়িত্ব থেকেও সরে দাঁড়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button