রাজনীতি

হবিগঞ্জে ওসিকে বিএনপির নেতার গালিগালাজ, অডিও ভাইরালে তোলপাড়

অনলাইন নিউজ ডেস্ক
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মধ্যে কথিত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেইজে দুজনের ফোনালাপের এ অডিও কল রেকর্ডটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অডিও কলটিতে থানার ওসি সাইফুল ইসলামকে বিএনপি নেতা তুষারের আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মখলিছুর রহমানের সঙ্গে ওসি ফোনে কথা বলার সময় উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন—এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গণসহ সাধারণ মানুষের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি মুখলিছ সাহেবের ফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।
অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের ব্যবহৃত মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে এখনো ঊর্ধ্বতন প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button