

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে শনিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। বিকৃত তথ্য ও অপতথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি ধ্বংসপ্রায় হতে পারে, এমনকি বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে।”
মন্ত্রী আরও বলেন, “অপতথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় ফ্যাক্ট চেকিং বাধ্যতামূলক করতে হবে। ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান-নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না। প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানোর আগে তার সত্যতা যাচাই নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনাধীনে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করা হতো। আমরা নির্বাচিত সরকার হিসেবে বুঝি, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। পুরো তথ্য ব্যবস্থাপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।



