সারাদেশ

আনসার-ভিডিপিকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। মঙ্গলবার (১৯ মে) দেওয়া বাণীটি বুধবার (২০ মে) প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত যেকোনো বাহিনীর কার্যকারিতা নির্ভর করে তাদের পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর। তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছেন। পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুবক ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কাজ করছে।
৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ আনসার বাহিনীর ৬৭০ সদস্যসহ দায়িত্ব পালনকালে আত্মত্যাগকারী সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া, ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button