জাতীয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবিদুল ইসলাম সিয়াম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সিয়াম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রোববার (২১ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার এলাকায় অভিযান চালিয়ে তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, “Sabidul Islam Siam” নামের একটি ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত ১৯ জুন আখাউড়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া।

অভিযোগে বলা হয়, অভিযুক্তের ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হয়েছে, যা স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি করে। তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button