

কোম্পানীগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। উক্ত বিজয় দিবসের সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন রানা, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াশ উদ্দীন বতুল্লাহ এবং সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট হেলাল উদ্দীন। এছাড়াও কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



