

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বুকিংয়ের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে। সংগঠনটি জানায়, দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার জেরে বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোতে আবাসন সুবিধা বন্ধ করা হয়েছিল। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বার্তা সংস্থা এএনআই-কে জানান, সে সময় বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগের প্রতিবাদে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
সংগঠনটি আরও জানায়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠন এবং শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়েছে।
এছাড়া দুই দেশের সরকার সীমান্ত ভ্রমণে বিধিনিষেধ শিথিল করা ও ভিসা প্রক্রিয়া সহজ করায় পর্যটকদের জন্য হোটেলের দুয়ার খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় প্রায় ২৫০টি হোটেল থাকবে।
তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, জাতীয় মর্যাদার প্রশ্নে তারা কোনো আপস করবে না। ভবিষ্যতে ভারতের জাতীয় পতাকা বা দেশের প্রতি অবমাননাকর ঘটনা ঘটলে পুনরায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বর্তমানে সদস্য হোটেলগুলোকে আইনি ও নিরাপত্তা প্রোটোকল মেনে বাংলাদেশি অতিথিদের সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



