জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা এবং নারীসংক্রান্ত বিভিন্ন বিতর্কিত ঘটনায় তার নাম উঠে এসেছে। একপর্যায়ে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচিত করতে শুরু করেন এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবেও পরিচিতি পান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের আশ্রয়-প্রশ্রয়ে সোহেলের উত্থান ঘটে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির পদও লাভ করেন বলে অভিযোগ রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘টাইগার সোহেল’ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button