অন্যান্যদূর্ঘটনাসারাদেশস্থানীয়

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওসির মানবিক ভূমিকা, তুলার বস্তা মাথায় নিয়ে মালামাল উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অসাধারণ সাহসিকতা ও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন।

মালামাল রক্ষায় তিনি নিজেই তুলার বস্তা মাথায় নিয়ে আগুনের ধোঁয়া ও উত্তাপ উপেক্ষা করে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তার এ দৃশ্য স্থানীয়দের মাঝে মুহূর্তেই প্রশংসার ঝড় তোলে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুদাব এলাকার আবদুর রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। চারদিক ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে আতঙ্কে কেউই গোডাউনের ভেতরে ঢোকার সাহস পাননি।

ঠিক সেই সময় ওসি খালিদ হোসেন নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ভেতরে প্রবেশ করে মাথায় তুলার বস্তা তুলে বাইরে আনা শুরু করেন। তার এই কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়ে আশপাশের মানুষও উদ্ধারকাজে যোগ দেন।

স্থানীয়দের দ্রুত সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় গোডাউনটি। প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে বাইরে সরিয়ে ফেলতে সক্ষম হন তারা।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূবাইল থানার এসআই নাজমুল হক বলেন, “ওসি স্যার নিজ হাতে মালামাল বের করতে শুরু করতেই সাধারণ মানুষও সাহস পায়। মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন।”

ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং মানবিকতার এই উদাহরণ সামাজিকমাধ্যমেও ছড়িয়ে পড়ে প্রশংসা কুড়িয়েছে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button