রাজনীতি

আলিয়া মাদ্রাসায় হাতে পাইপ মাথায় হেলমেট পড়ে মাঠে যুবদল নেতা নয়ন

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার ও আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় উভয় পক্ষের কিছু নেতাকর্মীকে দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তবে সংঘর্ষের পরও কিছু সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, আলিয়া মাদ্রাসা এলাকার সংঘর্ষে ছাত্রদলের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঘটনাস্থলে দেখা যায়। সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান, আমরা আপনাদের সহযোগিতা করব।”

এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার জেরে রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button