জাতীয়

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক : সই হবে ১৫ সমঝোতা স্মারক

অনলাইন নিউজ ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হলে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরের লক্ষ্য হলো বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বকে আরও কার্যকরভাবে কাজে লাগানো, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া, চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করা।

তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়টিও সফরের অন্যতম উদ্দেশ্য।

মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এছাড়া আগামীকাল (শুক্রবার) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে এবং আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসবে, যা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়োয়িং। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা, নদী খনন, নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং নৌ-নেভিগেশন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

এ সময় গবেষণা, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন চীনের পানিসম্পদমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button