স্থানীয়

ভোলাগঞ্জে পর্যটকবাহী সিএনজি-মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, নিহত ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ ছয়জন আহত হন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ভোলাগঞ্জ সিলেট মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে শাহ্ আরফিন রোড ও হাইওয়ে রোডের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা (নম্বর: সিলেট থ-১২-৫৮৩৯) ও শাহ্ আরফিন টিলার দিক থেকে আসা একটি পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা পর্যটক সম্রাট (৩০), তার স্ত্রী সুমাইয়া (২৮), সন্তান ছাওদা (১০) ও সিনান (৭), সম্রাটের শ্বশুর জিয়াউল হক (৭০) এবং সিএনজি চালক রমজান আহমেদ (২৮) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হক (৭০)-কে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সিএনজি ও পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরটি আটক করেছে। তবে ট্রাক্টরের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button