জাতীয়

আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার

অনলাইন নিউজ ডেস্ক

সরকার দেশের স্বাস্থ্যসেবাকে রাজধানী ও বড় শহরকেন্দ্রিক না রেখে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আগামী অক্টোবরের মধ্যে কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, উন্নত চিকিৎসার সুযোগ যদি কেবল বিত্তশালী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না। রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক ও সহানুভূতিশীল আচরণ চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান আরও বলেন, চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে নিরাপত্তাহীনতা তৈরি হলে স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও কাঙ্ক্ষিত ফল দেবে না। তাই চিকিৎসাসেবায় আস্থা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে রাজধানীতে আসার প্রয়োজন কমাতে ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button