

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মান ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী জানান, বিএসটিআইয়ের জনবল সংকট নিরসনের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, কার্যকর ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, দেশের শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সুরক্ষা, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এসব কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল— ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’, যা উন্নত মানব্যবস্থা ও নির্ভুল পরিমাপের গুরুত্বকে তুলে ধরে।



