

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। আইসিসির এই বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে এবার মত দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল।
আইসিসির সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করে মদন লাল দাবি করেন, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে ভুল পথে প্রভাবিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তান তাদের ভুল পথে পরিচালিত করেছে। এখন স্কটল্যান্ডের সামনে বড় সুযোগ, তারা অনেক এক্সপোজার পাবে। বাংলাদেশ বড় ভুল করেছে।’
আইসিসির সিদ্ধান্তকে যৌক্তিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা বাংলাদেশের জন্য বড় ভুল ছিল। এত বড় একটি ইভেন্ট মিস করলে আইসিসি নিশ্চয়ই কোনো অবস্থান নেবে। বাংলাদেশকে বাদ দিয়ে তারা সঠিক কাজই করেছে।’
এ ছাড়া বিশ্বকাপ না খেলায় বিসিবি আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেন মদন লাল। তিনি বলেন, ‘এতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে যদি আইসিসি তাদের খেলতে না দেয়, তাহলে বোর্ডের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ে ক্রিকেট মূলত বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই পরিচালিত হয়, তাই এটি বিশাল ক্ষতি।’



