

ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের এক সাংবাদিকের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি বিপুল অর্থ আয় করলেও তিনি এখন আর্থিক সংকটে পড়েছেন বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেন রাফিনিয়া। এ সময় ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে তিনি প্রত্যাশিত পরিমাণ অর্থ না পেয়ে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। এরপর আর্থিক লেনদেন পর্যালোচনায় বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের অভিযোগ সামনে আসে।
এ ঘটনায় নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা খতিয়ে দেখতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের দাবি, রাফিনিয়ার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তাঁর বাবা। এর মাধ্যমে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় অংশও তিনি নিজের কাছে রেখে দেন। তবে পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়া অবগত ছিলেন না বলেও দাবি করা হয়েছে।



