সারাদেশ

আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, লোকোমাস্টার আটক

অনলাইন নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে তাঁর সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেনটির ইঞ্জিনে মাদক বহনের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতে গেলে লোকোমাস্টার প্রথমে বাধা দেন এবং র‍্যাব সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। পরে অতিরিক্ত সদস্য মোতায়েন করে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে একটি বস্তার ভেতর থেকে আটটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১৬ কেজি। এছাড়া একটি স্কফের বোতলও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর র‍্যাব সদস্যরা লোকোমাস্টারকে তল্লাশির বিষয়টি জানান। তবে তিনি এতে সহযোগিতা না করে উত্তেজিত আচরণ করেন। পরে অতিরিক্ত র‍্যাব সদস্য ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে নতুন একজন লোকোমাস্টার নিয়োগ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

র‍্যাব জানিয়েছে, আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার নুরুন্নবী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button