

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নির্দেশনা অনুযায়ী বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে এ নির্দেশনা দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন শুধুমাত্র দলের সিনিয়র নেতারা, সরকারের সিনিয়র মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ কারণে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় বা শোডাউন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে এবং নির্ধারিত ব্যক্তিরাই কেবল বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি চীন সফর করেন। সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।



