জাতীয়

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। পরিবারের সামর্থ্যের বাইরে প্রয়োজনীয় সহায়তা সরকার দেওয়ার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ এবং অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, একসঙ্গে সবাইকে সহায়তা দেওয়া সম্ভব না হলেও যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, সরকার তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে। যারা এবার সহায়তা পাবেন না, তাদেরও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, কোনো ধরনের অন্যায় বা আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে। কোথাও কোনো সমস্যা হলে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

সরকারের অল্প সময়ের কার্যক্রম তুলে ধরে জাহিদ হোসেন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দুর্ভোগ লাঘব এবং সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জনগণকে সরকারের প্রতি আস্থা রাখার এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআই সুজন মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button