জাতীয়

মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে অপহরণের অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে আইনগত সহায়তা চেয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজার পুলিশ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে কয়েকজন তাকে গলায় ছুরি ধরে জোর করে একটি গাড়িতে তুলে নেয়। পরে শ্রীমঙ্গলের দিকে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয় এবং রাত আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়।

অভিযোগকারী আরও জানান, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর কুলাউড়ার উদ্দেশে রওনা হওয়ার সময় দাওয়াত প্রদান, কর্মসূচি ব্যবস্থাপনা এবং গাড়িতে অবস্থানকে কেন্দ্র করে জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। কুলাউড়ার কর্মসূচি চলাকালীন ও পরবর্তীতে শহরের শমশেরনগর রোড এলাকায়ও পক্ষগুলোর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরপর রাতে শহরের কোদালিপুর এলাকার একটি গ্যারেজের পেছন থেকে তাকে জোর করে গাড়িতে তোলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও পারস্পরিক বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এতে দলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button