

অনলাইন নিউজ ডেস্ক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন–মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ট্রাকে করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে চীনে পণ্য পরিবহন করা সম্ভব হবে।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সরকার বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে।
হযরত শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি গঠনে কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠলে আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



