

অনলাইন নিউজ ডেস্ক
আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন শিক্ষামন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবরা ভার্চুয়ালি অংশ নেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আটটি জেলায় ২০৮টি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



