

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, গত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নয়ন করতে পারেনি। তিনি আরও দাবি করেন, সীমান্ত পরিস্থিতিতে বর্তমানে বিজিবি আগের তুলনায় আরও দৃঢ় অবস্থান নিচ্ছে।
শনিবার (২৭ জুন) ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে সমালোচনা করেন, তাদের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর ভাষ্য, বিএনপি ভারতের দালালি করলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। তবে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও কোনো ধরনের আধিপত্য বা দাদাগিরি মেনে নেওয়া হবে না।
তিনি জামায়াত ও এনসিপির নেতাদের সমালোচনা করে বলেন, যারা এখন সরকার পতনের হুমকি দিচ্ছেন, তারা দীর্ঘ সময় নিজেদের রাজনৈতিক কার্যক্রমই স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারেননি। একই সঙ্গে তিনি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন।
সীমান্তে ‘পুশইন’ ইস্যু প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিজিবি এখন আরও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং সীমান্তে দৃঢ় অবস্থান থেকে জবাব দিচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি কোনো দেশের দালালি করে না; না ভারতের, না পাকিস্তানের। এ সময় তিনি শিবিরের এক কেন্দ্রীয় নেতার পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে বিএনপিকে ভারতের দালাল বলার সমালোচনাও করেন।



