

অনলাইন নিউজ ডেস্ক
২০২৬ বিশ্বকাপে আবারও ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠি রেখে নজর কাড়ল ইরান জাতীয় ফুটবল দল। বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচের পর এবারও মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সিয়াটলের আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এবং ফুটবলে ‘ফেয়ার প্লে’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে একটি বার্তা রেখে যায় তারা। বিষয়টি প্রকাশ করেছে গ্লোবো এস্পোর্তে।
বিশ্বকাপ চলাকালে ইরান দলের যাতায়াত ও লজিস্টিকস নিয়ে ফিফা এবং যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যেই চিঠিতে দলটি লিখেছে, ‘জয়ের চেয়ে সম্মানই বড়।’
চিঠিতে বলা হয়, ‘আমরা ইরান থেকে এসেছি। হাজার বছরের ইতিহাসে আমাদের দেশ সবসময় জয়ের চেয়ে সম্মানকে বেশি মূল্য দিয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু ফলাফলের লড়াই নয়, এটি চরিত্রেরও পরীক্ষা। অনেকভাবে পয়েন্ট অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না। একটি দল হয়তো পরের পর্বে উঠতে পারে, কিন্তু ন্যায় ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। ফেয়ার প্লে শুধু ফুটবলের নিয়মের একটি ধারা নয়, এটি এই খেলার আত্মা। সিয়াটল, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সব ইরানিকে, যারা হৃদয়, কণ্ঠ আর সর্বস্ব দিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন। ইরান, সবসময় মাথা উঁচু করে।’
মিসরের বিপক্ষে জয় থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে ছিল ইরান। যোগ করা সময়ে খলিলজাদেহ বল জালে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। গোলটি বৈধ হলে ইরান সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করত। তবে ১-১ গোলে ড্র হওয়ায় টানা তিন ম্যাচে অপরাজিত থেকেও এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
এই মুহূর্তে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় তিন পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপের নকআউট পর্বে উঠবে আটটি সেরা তৃতীয় স্থানধারী দল। তাই শনিবার গ্রুপ ‘জে’, ‘কে’ ও ‘এল’-এর শেষ ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ। এখনও শেষ ম্যাচ বাকি রয়েছে আলজেরিয়া, ডিআর কঙ্গো ও ক্রোয়েশিয়ার।
তবে একটি নির্দিষ্ট সমীকরণ ইরানের নকআউটের স্বপ্ন ভেঙে দিতে পারে। ডিআর কঙ্গো যদি উজবেকিস্তানকে হারিয়ে ৪ পয়েন্টে পৌঁছে যায়, ক্রোয়েশিয়া যদি ঘানার বিপক্ষে অন্তত ড্র করে ৪ বা ৬ পয়েন্ট অর্জন করে এবং আলজেরিয়া যদি অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে—ফলে দুই দলই ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে উঠে যায়—তাহলে সেরা তৃতীয় দলগুলোর তালিকা থেকে ছিটকে পড়বে ইরান।
অন্যদিকে, আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যদি যেকোনো একটি দল জয় পায়, তাহলে ডিআর কঙ্গো ও ক্রোয়েশিয়া নিজেদের ম্যাচ জিতলেও ইরানের নকআউট নিশ্চিত হবে। কারণ সে ক্ষেত্রে অন্তত একটি দল তিন পয়েন্টেই আটকে যাবে এবং গোল ব্যবধানেও ইরানের নিচে থাকবে।



