

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রসমূহ তুলে ধরেন। বিশেষ করে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে প্রযুক্তি হস্তান্তর (টিওটি), যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) এবং প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।



