

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ দলীয় সমর্থিত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।
অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে আনোয়ার হোসেন বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মী আজ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এখন থেকে তারা জামায়াতের সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এ সময় নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, সারা দেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে জামায়াতের আদর্শে বিশ্বাস রেখে নেতাকর্মীদের যোগদান দলকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিবার গড়ে তুলতে চান তারা। হিংসা ও বিভেদ ভুলে ইনসাফের ভিত্তিতে কেন্দুয়া ও আটপাড়াকে এগিয়ে নেওয়াই জামায়াতের লক্ষ্য। আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের যোগদান সংগঠনকে আরও সুদৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুর রহমান, কেন্দুয়া উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, আটপাড়া উপজেলা আমির, আসন পরিচালক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আসন সচিব মো. ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



