সারাদেশ

মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরলেন ১৭ জেলে

মুক্তিপণের বিনিময়ে সুন্দরবনে অপহরণের শিকার ২০ জেলের মধ্যে ১৪ জনকে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। গত সোমবার (২৬ জানুয়ারি) রাত থেকে পরদিন মঙ্গলবারের মধ্যে তারা নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তবে মুক্তিপণের টাকা পরিশোধ করতে না পারায় এখনো ছয়জন জেলে জলদস্যুদের জিম্মায় রয়েছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান এসব জেলে। পরে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামুন্দো, চুনকুড়ি ও মালঞ্চ নদী এবং কলাগাছিয়া খাল এলাকা থেকে অস্ত্রের মুখে ২০ জন জেলেকে অপহরণ করে ‘ডন বাহিনী’ নামে পরিচিত একটি জলদস্যু দল।

মুক্তি পাওয়া জেলেরা জানান, অপহরণের পর জলদস্যুরা বিকাশ নম্বরের মাধ্যমে মুক্তিপণের টাকা দাবি করে। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির একপর্যায়ে মুক্তিপণ পরিশোধ করা হলে ১৪ জন জেলেকে ছেড়ে দেওয়া হয়। তারা জনপ্রতি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়েছেন বলে জানান। মুক্তিপণ দেওয়া জেলেদের মধ্যে আবু তাহের ও আবুল কালাম ৩৫ হাজার করে, মো. ইব্রাহিম, দিলীপ, উজ্জল পাড় ও ইউসুফ আলী ৪০ হাজার করে, আইয়ুব আলী, আশিকুর ও হাফিজুর ২৫ হাজার করে এবং সাদেক আক্কাস ৩০ হাজার টাকা দিয়েছেন বলে জানান তারা।

ফেরত আসা জেলেরা আরও জানান, জিম্মি অবস্থায় তারা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন। পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাব ছিল এবং সবসময় প্রাণনাশের ভয় কাজ করছিল। মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারায় তারা স্বস্তি প্রকাশ করেন।

জেলেদের অভিযোগ, মুন্সিগঞ্জ মৌখালী গ্রামের সফিকুল ওরফে ‘ভেটো সফিকুল’ এবং আটিরউপর গ্রামের শাহাজান এই দস্যু দলের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে ছয়জন জেলে এখনও জলদস্যুদের কবলে রয়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী ফজলুল হক বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছিল। ১৪ জন জেলে ফিরে আসার বিষয়টি তারা লোকমুখে শুনেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অপহরণের বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন তারা। তবে অপহৃত জেলেদের কোনো পরিবার এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে এসেছেন কি না, সে বিষয়েও পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button