বিনোদন

জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে ৪০ মিনিট আলমারিতে লুকিয়ে ছিলেন শাহতাজ

সংগীতজগতের ব্যস্ত ও জনপ্রিয় তারকাদের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন প্রীতম হাসান। গায়ক হিসেবে নিজের অবস্থান যেমন দৃঢ় করেছেন, তেমনি অভিনয়েও নিয়মিত ও আলোচিত তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই গায়ক-অভিনেতার জন্মদিন উপলক্ষে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসেন প্রীতম। তবে জন্মদিনের সবচেয়ে স্মরণীয়—একই সঙ্গে সবচেয়ে ভয়ংকর—সারপ্রাইজটি আসে তার স্ত্রী, অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেমের কাছ থেকে।

জানা যায়, জন্মদিনের দিনই চট্টগ্রামে নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাকটাস’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রীতম হাসান। স্বামীকে কিছু না জানিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে যান শাহতাজ। সেখানেও থেমে থাকেননি তিনি। প্রীতমকে চমকে দিতে শুটিং সেটে পৌঁছে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় একটি আলমারির ভেতরে লুকিয়ে থাকেন অভিনেত্রী।

নির্ধারিত সময় অনুযায়ী গভীর রাতে ভৌতিক সিনেমার দৃশ্যের মতো হঠাৎ আলমারির দরজা খুলে বেরিয়ে আসেন শাহতাজ। আচমকা এই ঘটনায় প্রীতম রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিজেই জানান, মুহূর্তটি এতটাই ভয়ংকর ছিল যে প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গিয়েছিল তার।

এই অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন প্রীতম হাসান। স্ত্রীর সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “চট্টগ্রামে উড়ে এসে সরাসরি ‘ক্যাকটাস’-এর সেটে হাজির। আমাকে সারপ্রাইজ দিতে আলমারির ভেতর প্রায় ৪০ মিনিটেরও বেশি লুকিয়ে ছিল—প্রায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা। এরপর গভীর রাতে হরর মুভির দৃশ্যের মতো দরজা খুলে দিল। আমার তো প্রায় হার্ট অ্যাটাকই হয়ে যাচ্ছিল!”

সবশেষে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রীতম লেখেন, “সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ংকর সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ—এটা আজীবন মনে রাখার মতো।”

উল্লেখ্য, একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত দেখা গেলেও বিয়ের পর শাহতাজ মুনিরা হাশেমের পর্দায় উপস্থিতি অনেকটাই কমেছে। বলা যায়, অভিনয় থেকে প্রায় দূরে সরে গেছেন তিনি। তবে মাঝেমধ্যে গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যায় এই গায়িকা-অভিনেত্রীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button